স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে স্মার্ট শিক্ষার্থীরা: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

শনিবার বিকালে দিনাজপুর সদরের শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাজমা রহিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান, ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান স্টল পরিদর্শন ও দীক্ষা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, ভালো ফলাফল করে দেশকে এগিয়ে নিতে হবে। একটি শিক্ষিত জাতি দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন।
তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করার জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি দেশকে পিছিয়ে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে।

পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল বাতেন শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. নাদিরা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মো. রমিজ আলম প্রমুখ। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এরপর এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights