টেকনাফে অপহৃত ৬ জন উদ্ধার, আটক ২
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহৃত ছয় জন জিম্মি অবস্থা থেকে উদ্ধার হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার ও উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকার বাসিন্দা পারভীনা আক্তার ওরফে পারভীন।
উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুইজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গা নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে কয়েকজন লোককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার খবর পায় পুলিশ। দুপুরে বড়ইতলী জামে মসজিদের বিপরীত পাশে সন্দেহজনক জনৈক মাহমুদুল হাসানের বসতঘরটি ঘিরে ফেলে পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বসতঘরটির একটি কক্ষে জিম্মি অবস্থায় ছয়জনকে উদ্ধার করেছে।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটককৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা সাগর পথে মালয়েশিয়ায় পাচারসহ নানা প্রলোভন দেখিয়ে ২/৩ দিন আগে অপহৃতদের এ বাড়িতে নিয়ে আসে। পরে তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
