গাইবান্ধায় গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আদুরী আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ী গ্রামের চুন্নু মিয়ার ছেলে রুহুল আমিনের (৩০) স্ত্রী এবং পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশী গ্রামের হাজ্বী রতন মিয়ার মেয়ে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদুরী আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো। গত শুক্রবার বিকেলে কেনা-কাটা করার জন্য তারা গোবিন্দগঞ্জ শহরে আসে। সেখানে কেনা-কাটার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে স্বামীর ওপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির সকলের অজান্তে আদুরী আক্তার নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights