দিনদুপুরে অপহরণ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির সামনে থেকে মো. মোফাজ্জেল (৫৪) নামের এক কেয়ারটেকারকে অপহরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকার আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের পাশ থেকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতের স্বজনরা জানিয়েছেন, ৫ থেকে ৬ জন অপরিচিত ব্যক্তি সাদা হাইস গাড়ি (ঢাকা মেট্রো চ-১২-৩৫৬৯) নিয়ে এসে তাকে তুলে নিয়ে দ্রুত চলে যায়। মোফাজ্জেলের নাতি নুর ইসলাম জানান, সকালে সড়কের ধারে ময়লা ফেলতে গেলে সাদা হাইস গাড়িতে আসা ৫-৬ জন টানাহেঁচড়া করে নানাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলেও নানাকে নিয়ে দ্রুত কুমারখালীর শহরের দিকে চলে যায়। অপহৃত মোফাজ্জেল দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দোতালা বিশিষ্ট পাকা বাড়ির কেয়ারটেকার ও ভাড়াটিয়া। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী রমেছা খাতুন (৪৫)। স্বজনরা জানান, মোফাজ্জেল প্রায় ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। প্রায় ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবের নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতালায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই সুবাধে মোফাজ্জেল ওই বাড়িটির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, গাড়ির নম্বর পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights