পর্বতশৃঙ্গের নাম পরিবর্তন নিয়ে নিজের দলকেই পাশে পাচ্ছেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে পুনরায় মাউন্ট ম্যাককিনলি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্ত তার নিজ দলের ভেতরেই বিরোধিতার মুখে পড়েছে।

আলাস্কার সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেট ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করে তাকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত আলাস্কার স্থানীয় জনগণের সংস্কৃতি ও পরিচয়ের প্রতি অসম্মান হিসেবে দেখা হচ্ছে, যা তার নিজ দলের ভেতরেও বিরোধিতার সৃষ্টি করেছে। খবর আরব নিউজ’র।

ট্রাম্পের এই নাম পরিবর্তন উদ্যোগ আলাস্কার আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাদের মতে, রাজ্যের ভৌগোলিক স্থানের নামকরণ আলাস্কার বাসিন্দাদের এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। তারা বিশ্বাস করেন, ডেনালি নামটি রাজ্যের সংস্কৃতি ও গভীর পরিচয়ের অংশ।

ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যুক্তরাষ্ট্রের সরকারকে নতুনভাবে রূপান্তর করতে চেয়েছেন ট্রাম্প। এগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প-সমর্থক দাঙ্গাকারীদের (ক্যাপিটল হিল দাঙ্গা) জন্য সাধারণ ক্ষমা, ফেডারেল নিয়োগ স্থগিত এবং জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের সাংবিধানিক প্রথা বাতিলের চেষ্টা।

তবে ২০ হাজার ৩০০ ফুট (৬,২০০ মিটার) উঁচু ডেনালি পর্বতের নাম পরিবর্তনের আদেশ আলাস্কার আইনপ্রণেতাদের ক্ষোভের কারণ হয়েছে। আলাস্কার প্রতিনিধি এবং রিপাবলিকান মার্কিন সিনেটর লিসা মুরকাউস্কি ট্রাম্পের এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, “উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতের একমাত্র যোগ্য নাম ডেনালি।”

ডেনালি, যা স্থানীয় আথাবাস্কান ভাষায় “উচ্চতম” অর্থে ব্যবহৃত হয়, আলাস্কার সংস্কৃতি ও পরিচয়ের গভীর অংশ হিসেবে বিবেচিত। এর আগে, ১৯৭৫ সালে নিম্নকক্ষের আইনপ্রণেতারা এই পর্বতের আদিবাসী নামের স্বীকৃতির জন্য দাবি তুলেছিলেন; কিন্তু সেটি গৃহীত হয়নি। এর প্রায় চার দশক পর, ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে এই দাবির স্বীকৃতি দেন এবং ‘মাউন্ট ম্যাককিনলি’ নামটি বাদ দেন।

১৯১৭ সালে ‘মাউন্ট ম্যাককিনলি’ নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে রাখা হয়েছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট ম্যাককিনলি ১৮৯৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights