দিনাজপুরের বোচাগঞ্জে কৃষকের সাফল্য: বিনা চাষে রসুন আবাদ
মো. ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের কৃষক নুর শাহ আলম বিনা চাষে সাড়ে চার বিঘা
জমিতে রসুন চাষ করে নজির স্থাপন করেছেন। রসুন, যা মসলা জাতীয় ফসল হিসেবে পরিচিত, প্রতিটি
পরিবারে সারা বছর চাহিদা থাকে। মাছ, মাংস ও সবজির রান্নায় রসুনের গুরুত্ব অপরিসীম। বর্তমান
সময়ে এটি একটি লাভজনক অর্থকরি ফসল হিসেবে বিবেচিত।
কৃষক নুর শাহ আলম জানান, আলু, ভূট্টা ও সরিষা চাষে তেমন লাভ না হওয়ায় তিনি বিকল্প ফসলের সন্ধান
করছিলেন। ইউটিউবে বিনা চাষে রসুন আবাদ বিষয়ক ভিডিও দেখে তিনি উৎসাহিত হন। নাটোর জেলার
এক বন্ধুর কাছ থেকে ১২ মণ রসুনের বীজ সংগ্রহ করে তিনি প্রথমবারের মতো সাড়ে চার বিঘা
জমিতে এই পদ্ধতিতে রসুন চাষ শুরু করেন।
নুর শাহ আলম বলেন, শুরুর দিকে অনেকে আমাকে পাগল বললেও এক মাসের মধ্যে যখন রসুন গাছ বের হতে
শুরু করল, তখন সবাই অবাক হয়ে প্রশংসা করেছে। আমি আশা করছি আল্লাহর রহমতে এই আবাদ থেকে
ভালো লাভ পাব এবং আমার দেখাদেখি অনেক কৃষক আগ্রহী হবে।
উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা জানান, ৬নং রণগাঁও ইউনিয়নের সাদা মহল ব্লকে নুর শাহ আলম
বিনা চাষে রসুন আবাদ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে তাকে কারিগরি পরামর্শসহ
সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা আশাবাদী, এই আবাদ থেকে ভালো ফলন পাওয়া যাবে।
স্থানীয় কৃষক রহমত আলী বলেন, নুর শাহ আলম প্রথমে যখন বিনা চাষে রসুন আবাদ শুরু করেন, আমরা
ভেবেছিলাম এটা হয়তো সফল হবে না। কিন্তু এক মাস পর যখন গাছগুলো গজাতে শুরু করল, তখন আমরা
অবাক হয়ে দেখলাম যে পদ্ধতিটা সত্যিই কাজ করছে। এখন আমরাও ভাবছি এই পদ্ধতিতে চাষ শুরু করব।
নুর শাহ আলমের এই উদ্যোগ অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কৃষি
বিশেষজ্ঞরা।
