আপিল বিভাগের বিচারপতির মর্যাদা পেলেন ৫ সংস্কার কমিশনের প্রধানগণ

নিজস্ব প্রতিবেদক
৫ সংস্কার কমিশনের প্রধানগণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিশন প্রধানদের পদমর্যাদা ও আর্থিক সুবিধাদির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে, গত ১৮ নভেম্বর গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশন-এর কমিশন প্রধানগণ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশনসমূহের সদস্যগণ যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানি এবং যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তাহারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা সম্মানি প্রাপ্ত হবেন।

তবে কমিশনের প্রধান বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

উল্লেখ্য এর আগে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদেরও এই মর্যাদা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights