‘বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই’

কুমিল্লা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সব মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের সব ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতারা। যারা কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, কোনো অন্যায়ের সঙ্গে আপস বা মাথানত নয়, বরং যেখানে অন্যায়, সেখানেই আমাদের সংগ্রাম।

পথসভায় আরও বক্তব্য দেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদ উল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেন। পরে জামায়াতের আমির নাথেরপেটুয়া স্টেশন বাজারের পথসভায় বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights