মুশফিক-মাহমুদুল্লাহ এখনও খেলায় অবাক কার্তিক!

অনলাইন ডেস্ক

মোটাদাগে ব্যাটিং অর্ডারের সকলেই ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটায় বলার মতো স্কোর এসেছিল তাওহীদ হৃদয় এবং জাকের আলী অনিকের কল্যাণে। এরপর গত ম্যাচে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সেই জাকের আলী। বাকি সকলেই ছিলেন ব্যর্থতার লম্বা মিছিলে। তবে দৃষ্টিকটু ছিল সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যর্থতা।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ বছরের কাছাকাছি সময় কাটিয়েছেন দুই তারকা। সময়ের সঙ্গে বয়স বাড়ছে, কমছে ফিটনেস। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকলেও, দ্রুত পরিবর্তনশীল আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কষ্টই হচ্ছে তাদের। মাহমুদুল্লাহ তবুও নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। মুশফিকের বেলায় তা দেখাই যায় না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে মুশফিক-মাহমুদুল্লাহর অবদান যথাক্রমে ২ ও ৪ রান! ছন্দহীনতা নিয়ে এই দুজন এখনও খেলে যাচ্ছেন, যা রীতিমতো অবাক করেছে দিনেশ কার্তিককে।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক কার্তিক ম্যাচে শেষে নিজের বিস্ময়ের কথা জানান। তার মতে, তাদের দুজনের উচিত তরুণদের জায়গা ছেড়ে দেওয়া।

কার্তিক বলেন, ‘আমি মনে করেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে। তবে, তারা খেলা চালিয়ে যাওয়াকে বেছে নিল। জানি না তারা আর কত দিন খেলবে। আমাকে অনেক অবাক করেছে এটি। কিন্তু, একটা সময় তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। যাতে তারা নিজেদের গড়ে তোলার সময় পায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights