থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীনবুরি প্রদেশে শিক্ষা সফরের বাস উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৩ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালকসহ কমপক্ষে ৪৯ জন মানুষ ছিলেন। তাদের সবাই থাই নাগরিক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

শিক্ষা সফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়।

“রাস্তাটা বেশ ঢালু ছিল। একপর্যায়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি উল্টে যায়,” রয়টার্সকে বলেন রয়েল থাই পুলিশের কর্মকর্তা কর্নেল সোফান ফ্রামানিহী।

দুর্ঘটনাস্থলটি ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

“তদন্তে যদি দেখা যায় যে, গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি বা এ বিষয়ে অবহেলা ছিলো, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে,” সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন থাই প্রধানমন্ত্রী।

সোর্স: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights