নতুন প্রেমিকা পেয়ে সালমানকে যেভাবে খোঁচা দিলেন আমির

অনলাইন ডেস্ক

প্রায় ১৮ মাস ধরে লোকচক্ষুর আড়ালে প্রেম করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। যদিও ১৩ মার্চ নিজের ৬০তম জন্মদিনের একদিন আগেই প্রেমিকাকে প্রকাশ্যে আনেন অভিনেতা। সংবাদমাধ্যমের সঙ্গে প্রেমিকার পরিচয় পর্ব সারেন।

মাস ছয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বেঙ্গালুরু নিবাসী উদ্যোক্তার সঙ্গে প্রেম করছেন অভিনেতা। নাম গৌরী স্প্র্যাট। যদিও বলিউডে এতদিন গৌরী নাম শুনলেই প্রথম মাথায় আসত শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কথা। এবার আরও এক গৌরীর সন্ধান মিলল, তিনিই আমির খানের বর্তমান প্রেমিকা। স্প্র্যাট পদবি থেকে খান হয়ে উঠতে পারেন কি না, তা সময় বলবে।

যদিও বলিউডের দুই খান গৌরীকে পেয়ে গিয়েছেন এবার বাকি পড়ে রইলেন শুধু সালমান খান। আমিরকেই প্রশ্ন করা হয়, তবে কি সালমানের এবার গৌরী খুঁজে নেওয়া উচিত? তাতেই বন্ধুকে নিয়ে ঠাট্টা করলেন আমির!

ষাটের কাছাকাছি বয়স হতে চলেছে সালমানের। জীবনে একাধিক নারীসঙ্গ হয়েছে তার। তাবড় নায়িকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু প্রেমে পরিণতি পাওয়া হয়নি সালমানের। একদা বলিউডের অন্যতম সুপুরুষের তকমা দেওয়া হত তাকে। যদিও এখন বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে চোখেমুখে। অভিনেতার প্রাক্তন প্রেমিকারা যদিও সকলেই প্রায় বিয়ে করে সংসারী। কিন্তু একা রয়ে গিয়েছেন ভাইজান।

তার সমসাময়িক অন্য দুই খান, আমির ও শাহরুখ দু’জনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন। আমিরের দু’বার বিয়ে ভেঙেছে। তারপর ফের গৌরীর মধ্যে প্রেম খুঁজে পেয়েছেন আমির। অন্যদিকে, শাহরুখ ও গৌরী খানের প্রায় ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু বন্ধু সালমানকে নিয়ে সন্দিহান আমির।

সালমানেরও গৌরী খোঁজা উচিত কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, “ও আর কী গৌরী খুঁজবে! নিজের জন্য যেটা ভাল সেটা করছে।”

যদিও নিজের নতুন প্রেমিকাকে বলিউডের পুরনো দুই বন্ধু শাহরুখ ও সালমানের সঙ্গে প্রথমে আলাপ করান আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights