ভূমিকম্পে কাঁপছে ব্যাংকক, রাস্তাতেই শিশুর জন্ম দিলেন মা

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের বাইরে রাস্তায়ই এক নারী সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্মকর্তা সিরিকুল শ্রীসাঙ্গা বলেন, শুক্রবার (২৮ মার্চ) ভূমিকম্পের কারণে আমরা ওই নারীকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনতে বাধ্য হই। পরে হাসপাতালের বাইরে, রাস্তায় স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তায় একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর স্ট্রেচারে শুয়ে থাকা মা ও শিশুটিকে ঘিরে রেখেছে একটি মেডিকেল টিম। একইসঙ্গে, হাসপাতালের অন্যান্য রোগীদেরও খোলা আকাশের নিচে সরিয়ে নেওয়া হয়েছে। ওমন পরিস্থিতিতেও চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিরামরিত জানান, অপারেশন চলাকালীন ভূমিকম্প হলে রোগীকে স্থিতিশীল করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে দেখা যায়, জরুরি অস্ত্রোপচার না করলে পরিস্থিতি জটিল হতে পারে। তাই অপারেশন থিয়েটারের বাইরেই যথাসম্ভব গোপন পরিবেশে ১০ মিনিটের মধ্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার (২৯ মার্চ) পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে, ২৬ জন আহত হয়েছেন, ৪৭ জন এখনও নিখোঁজ।

এ ঘটনায় থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা দারুণ প্রশংসিত হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের ভূমিকম্প মোকাবিলায় নির্দিষ্ট কোনো প্রস্তুতি ছিল না।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights