ঈদ শুভেচ্ছায় ভক্তদের যা বললেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক

প্রতি বছর ঈদে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে জড়ো হন অসংখ্য ভক্ত। বাদশাহকে এক নজর দেখতে হাজারো ভক্ত ভিড় করেন সেখানে। তবে এবারের ঈদে এখনো পর্যন্ত সেখানে তেমন কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি। কিন্তু অনুরাগীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি কিং খান।

গতকাল সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহরুখ খান তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য।’

ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

প্রসঙ্গত, শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডানকি’ সিনেমায়। এরপর থেকে তিনি অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে তার নতুন প্রকল্পের খবরে উচ্ছ্বাস তৈরি হয়েছে অনুরাগীদের মাঝে।

বর্তমানে শাহরুখ তার মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় কাজ করছেন, যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খলনায়কের চরিত্রে হাজির হতে যাচ্ছেন ‘পুষ্পা টু’-এর পরিচালক সুকুমারের একটি প্রজেক্টে। ভক্তরা এখন অপেক্ষায়, রুপালি পর্দায় ঝলমলে উপস্থিতি নিয়ে আবার কখন ফিরছেন কিং খান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights