বন্যপ্রাণী রক্ষায় সীমান্তবর্তী পাহাড়ি গ্রামে জনসচেতনতা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
বন্যপ্রাণী রক্ষায় সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি আল নোমান শান্তর সঞ্চালনায় মূল আলোচক ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মজনু প্রাং।

এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা এস.এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, মো. মাসুম বিল্লাহ, কলি হাসান, দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি রাজেশ গৌড়, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাকিব হাসান নির্জন, বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, সচেতন নাগরিক মিজান তালুকদার, স্থানীয় বন বিভাগের মিশু দে, মো. অহিদুজ্জামান, মো. তুহিন উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা।

আলোচকরা বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ কথা বলেন। এছাড়া, বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় বাসিন্দাদের ভূমিকা রাখাসহ সচেতন হওয়ার আহ্বান জানান।

বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন বলেন, পাহাড়ের আশপাশের গ্রামগুলোতে প্রায় সময়ই মহাবিপন্ন ও দুর্লভ প্রজাতির বন্যপ্রাণী আটক হওয়ার খবর পাই আমরা। পরে সেগুলো আমরা উদ্ধার করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বনে অবমুক্তের বিষয়ে ব্যবস্থা নেই। এ পর্যন্ত গত পাঁচ বছরে প্রায় ৫৪টি রেসকিউ অপারেশনের মাধ্যমে অসংখ্য বন্যপ্রাণী উদ্ধার করে বনে পুনরায় অবমুক্ত করেছি।

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাসুম বিল্লাহ বলেন, বনে খাদ্য সংকটে প্রায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসে। ওদের না মেরে সংশ্লিষ্টদের মাধ্যমে বনে ফেরার সুযোগ দেওয়া উচিত। তাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা।

উপজেলা বন কর্মকর্তা মো. মজনু প্রাং বলেন, বনের জন্য বন্যপ্রাণী, মানুষ নয়। তাই মানুষ না থাকলেও বন টিকবে, কিন্তু বন না থাকলে মানুষ টিকবে না। বনের সাথে মানুষের এক গভীর সম্পর্ক। সেজন্য বন্যপ্রাণী না থাকলে মানবসম্পদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। এমন সুন্দর উদ্যোগের জন্যে বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights