শুল্ক আরোপের পর বিশ্বনেতারা এখন আমাকে ‘স্যার’ ‘স্যার’ করছেন: ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক। এই শুল্ক কার্যকর হওয়ার আগেই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, চেষ্টা করছেন শুল্ক হ্রাস করতে।

স্থানীয় সময় মঙ্গলবার রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বিশ্বনেতারা এখন আমাকে ‘স্যার, স্যার’ বলে সম্বোধন করছেন। তারা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ যেন আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছে।”

হোয়াইট হাউস সূত্র জানায়, নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে ইসরায়েল প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে এবং তারা ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের পথে রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ৯ এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হলেও আলোচনার মাধ্যমে তা কমানো সম্ভব। তবে শুল্ক কমানোর বিনিময়ে কী ধরনের চুক্তি হবে, তা এখনও পরিষ্কার নয়।

অনেক দেশ এখনও ঠিক বুঝে উঠতে পারছে না, শুল্কের বিষয়ে কীভাবে সাড়া দেওয়া উচিত। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাদের পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন কৌশল গ্রহণে উৎসাহিত করছেন।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, শুল্ক কমাতে শুধু বাণিজ্য খাতে সীমাবদ্ধ না থেকে অন্যান্য খাতেও সম্ভাব্য সুযোগগুলো খতিয়ে দেখা উচিত। তাদের বার্তা স্পষ্ট—“যদি আপনাদের হাতে কোনো বিশেষ কার্ড থাকে, এখনই সময় তা ব্যবহারের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights