ভারতের ট্রানশিপমেন্ট বাতিল বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না: আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক, যশোর

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভারত ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, এই ট্রানশিপমেন্ট চুক্তির মাধ্যমে ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেতো। এখন আমাদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের রফতানি সক্ষমতা আমরা বাড়িয়ে তুলতে পারব।

শনিবার দুপুরে যশোর শহরের টাউন হল ময়দানে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়ীক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শহরের আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যোমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রেণিকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দিতে হবে। ঋণ আদায়ে কর্মীদের সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনা দেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এছাড়া ব্যাংকটি পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীনসহ খুলনা অঞ্চলের ২০টি শাখার শাখ্যা ব্যবস্থাপক, অপরেশন্স ম্যানেজার ও ৮টি উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যশোরে একসময় প্রতিবছর শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হতো। কিন্তু নানা কারণে গত ১২ বছর এই মেলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights