চট্টগ্রামে ক্রিস্টাল মেথসহ গ্রেফতার দুই
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাজ্জাদুল রহমান সাকিব এবং আবু ফয়সাল।
সিএমপি ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, পাঁচলাইশ থানার ২ নং গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক নগরে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।
