নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে আগুন দেওয়া হয়। তবে স্মৃতিস্তম্ভে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুবায়ের সরদার বলেন, ‘গণঅভ্যুথানের দুই বছর পর এমন ঘটনা ঘটা খুবই দুঃখজনক। এটির পাশে একটি পুলিশ বক্স থাকার পরও যদি আওয়ামী লীগের কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে যায়, তা আরও দুঃখজনক। আমরা এর সুস্পষ্ট তদন্ত চাই এবং যারা এটি করেছে তাদেরও বিচার চাই।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তবর্তীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ স্থাপনাটি প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ হিসেবে পরিচিত। এই স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
