নবনির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশন বীরগঞ্জ পৌরসভাকে হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশন (ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাত কেন্দ্র) পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুমা খাতুন।

জানা যায়, ২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় বীরগঞ্জ পৌর শহরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডাম্পিং কম্পোস্টিং স্টেশন নির্মাণ কাজ শুরু করে। বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্নাকান্দরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।

নির্মাণকাজ শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. সবুর হোসেন মন্ডল বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের কাছে ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

এ ছাড়া বিএনপি নেতা উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুনিয়র জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে কর্মকর্তা ও নেতৃবৃন্দ নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights