ঘোড়াঘাটে জব্দকৃত বালাইনাশক ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ৯ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ও নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানির অবৈধ জব্দকৃত বালাইনাশক ধ্বংস করা হয়েছে।

রবিবার বিকালে ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে বালাইনাশক আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ অনুযায়ী এসব অবৈধ বালাইনাশক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত বালাইনাশকের মধ্যে ছিল, সেজল ১০ এসসি, এলার্ট ৫৫ সিসি, বাংলা ম্যাগ, গ্রোজিংক, বিজলী বোরন, চায়না বোরন, চাষী ম্যাগ গোল্ড প্লাস, সুপার বোরন, ডিজেন ও বাম্পার ম্যাগ।

এর আগে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে উপজেলার হরিপাড়া বাজারের মেসার্স আতিক সীড, বলগাড়ী বাজারের মেসার্স সজীব স্টোর ও আবিরেরপাড়ার মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স থেকে এসব অবৈধ বালাইনাশক জব্দসহ আরও কিছু দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক জব্দ করে উপজেলা কৃষি অফিস।
বালাইনাশক ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights