পঞ্চগড়ে মেয়েকে হত্যার দায়ে পিতার ফাঁসির আদেশ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সন্তানকে হত্যার দায়ে নাজিমুল হক (৩৪) নামে এক পিতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান ২০১৯ সালের একটি হত্যা মামলায় এই আদেশ দেন।

নাজিমুল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সিংরোড জয়দরভাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের জয়নুল হকের ছেলে। ২০১৯ সালের ১ এপ্রিল সকালে সদর উপজেলার জয়দরভাঙ্গা গ্রামে নাজিমুল হক তার বাড়িতেই স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে নাজিমুলের স্ত্রী রাশিদা বেগম এবং তিন কন্যা নাজিরা (৮), রিয়ামনি (৭) এবং রত্না (৬ মাস) গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই নিহত হয় ছোট মেয়ে রত্না। এ সময় প্রতিবেশীদের সহযোগীতায় রশিদার বাবা রশিদুল ইসলাম মৃত অবস্থায় ছোট মেয়ে রত্নাকে এবং গুরুতর আহত অবস্থায় দুই মেয়ে এবং মা রশিদা বেগমকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন সন্ধ্যার সময় নানা রশিদুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নাজিমুল ও তার মা নাসিমা এবং বাবা জয়নুল হককে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জন সাক্ষীর জেরা শেষে রায়ের দিন ধার্য্য করেন আদালত। আজ আদালতে নাজিমুল হকের উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেন এবং উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights