সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় পৃথকীকরণের এ অনুমোদন দেওয়া হয়।

এদিন বিকাল ৫টায় শুরু হওয়া সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক পৃথকীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, পৃথকীকরণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসব কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তাহলে ঢাবি কর্তৃপক্ষ সে দায়িত্বশীলতা বজায় রাখবে।

সাত কলেজের পৃথকীকরণের সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্ট্রার বলেন, সাত কলেজ বিষয়ে বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যে পর্যালোচনা হয়েছে, সেটাই আজকের সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আজকের সিদ্ধান্ত লিপিবদ্ধ আকারে আমরা অফিশিয়ালি জানাবো। আজকের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights