অশ্রুভেজা চোখে অজুর্ন-অনন্যাদের প্রতি অভিযোগ ইরফান পুত্রের
অনলাইন ডেস্ক
এলোমেলো চুল, চোখে অশ্রু। এভাবেই ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছিলেন বাবিল। অবশ্য কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সরিয়ে ফেলেন তিনি। তারপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কাঁদতে কাঁদতে বাবিল বলেছিলেন, বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়। এখানেই শেষ নয়, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংয়ের নামও উল্লেখ করেন তিনি। তবে, ঠিক কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করলেন তিনি তা স্পষ্ট নয়।
বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে ধারণা অনেকের।
এই ভিডিও দেখার পরে ইরফান খানের ভক্তদের অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তাদের প্রশ্ন, বাবিল কি বলিউডে নিজেকে একঘরে মনে করছেন? ঠিক কী ঘটেছে, যার জন্য নিজেকে এতটা অসহায় মনে করছেন ইরফান পুত্র? ভক্তদের আবেদন হলো, বাবিলের প্রতি যেন বলিউডের শিল্পীরা সহানুভূতিশীল হন এবং তাকে বোঝার চেষ্টা করেন।
এক জায়গায় বাবিল বলেছিলেন, আমি একটা কথাই আপনাদের বলতে চাই। এই বলিউডেই শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুরদের মতো লোকজন রয়েছেন। এমনকি অরিজিৎ সিং। আরও এমন অনেক নাম রয়েছে। বলিউড একটা খুব খারাপ জায়গা। এখানে সবাই খুব রূঢ়।
আর একটি ভিডিওতে বাবিলকে বলতে শোনা যাচ্ছে, বলিউডের মতো ভুয়ো জায়গা আর একটাও নেই। তবে কিছু মানুষ রয়েছেন, যারা বলিউডকে ভালো করে গড়ে তুলতে চান। আমার এই বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে।
গত সপ্তাহেই ছিল ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতোই এবারও বাবাকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বাবিল।
