প্রভসিমরানের মাঝে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন ম্যাথু হেইডেন!

অনলাইন ডেস্ক

আইপিএল ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরান সিংকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তিনি বলেছেন, প্রভসিমরানের মধ্যে তিনি ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন।

হেইডেনের কথায়, “ওর মধ্যে ব্যাটিংয়ে বড় শট খেলার ব্যাপক সক্ষমতা রয়েছে। ২০১০ সালে তরুণ মহেন্দ্র সিং ধোনি শেষের ওভারগুলোয় বড় বড় ছক্কা মারতেন। সেই একইধরনের বৈশিষ্ট্য রয়েছে আজকের প্রভসিমরানের মধ্যেও। ওর ব্যাটের স্পিন যেমন খুবই দ্রুত, তেমনই নিজেকে ভালো ভিতও দিতে পারে ও। ওর মধ্যেও ভীতিহীন মানসিকতা রয়েছে, আর কম উচ্চতার ক্রিকেটার হওয়ায় মাটিতে রেখে শট খেলার ক্ষেত্রেও ছোট ছোঁট ফাঁক তৈরি করতে পারে প্রভসিমরান।”

চেন্নাই সুপার কিংসের সাবেক এই ক্রিকেট ব্যক্তিত্ব আরও বলেন, “প্রভসিমরানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) বোলাররা ভুল করে ফেলছিলেন, অর্থাৎ বোলারদের চাপে রেখেছিল ও। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে পাঞ্জাবের এই ওপেনিং ব্যাটার। যখন সে ৯১ রানের ইনিংসের পর আউটও হলো, তখনও তার মধ্যে ছিল হাসি। অর্থাৎ শতরান মিসের থেকেও দর্শকদের যে আনন্দ ও দিতে পেরেছেন, এটাই ছিল তার কাছে তৃপ্তির বড় বিষয়।”

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে পাঞ্জাব। অন্যদিকে এই হারে প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল লক্ষ্ণৌর। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে লক্ষ্ণৌ। লিগ পর্বের শীর্ষ চারটি দল সুযোগ পাবে প্লে-অফে।

ওপেনার প্রভসিমরানের ৪৮ বলে করা ৯১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। রান তাড়ায় ৭ উইকেটে ১৯৯ রান করতে পারে লক্ষ্ণৌ। শুধু প্রভসিমরানই নন, পাঞ্জাবের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসার অর্শদীপ সিংও। নিজের প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে এই বাঁহাতি পেসার তুলে নেন মিচেল মার্শ, এইডেন মার্করাম ও নিকোলাস পুরানের উইকেট। পঞ্চম ওভারে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা লক্ষ্ণৌ এরপর শুধু ব্যবধান কমানোর জন্যই খেলতে পেরেছে। প্রথম স্পেলে ৩ উইকেট নেওয়া অর্শদীপ শেষ পর্যন্ত ৪ ওভারে দিয়েছেন ১৬ রান।

লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আয়ুশ বাদোনি। পাঁচে নামা ব্যাটসম্যানের ৪০ বলের ইনিংসটি সাজানো ৫টি করে চার-ছক্কায়। এছাড়া সাতে নেমে ২৪ বলে ৪ ছক্কায় ৪৫ রান করেছেন আবদুল সামাদ।

এর আগে প্রথম ওভারেই প্রিয়াংশ আর্যকে (১) হারায় পাঞ্জাব। এরপর জশ ইংলিস (১৪ বলে ৩০) ও শ্রেয়াস আইয়ারের (২৫ বলে ৪৫) সঙ্গে ৪৮ ও ৭৮ রানের দুটি জুটি গড়েন প্রভসিমরান। ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করা প্রভসিমরান পঞ্চম উইকেটে শশাঙ্ক সিংকে নিয়ে ২১ বলেই যোগ করেন ৫৪ রান। শশাঙ্ক অপরাজিত ছিলেন ১৫ বলে ৩৩ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights