ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ। খবর জিও টিভির।

Adve
বুধবার ভোরে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী। এর আগে ভারতের হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত তিনজন নিহত এবং ৩৫ জন আহত হন।

ভারত বলেছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী।”

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। একইসঙ্গে, নিয়ন্ত্রণরেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান ও স্থলপথে কড়া প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights