যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতি

অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রস্তাবটি হামাস পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রস্তাবে ৭০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের হাতে থাকা বহু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়ও রয়েছে।

জানা গেছে, প্রস্তাবে হামাস দুই ধাপে ইসরায়েলের ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার ও ৭০ দিনের যুদ্ধবিরতির শর্ত রাখা হয়েছে।

এছাড়া প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকশ’ জন দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর দুই দিন পর হামাস ও তার মিত্র সংগঠনগুলো রকেট হামলার মাধ্যমে জবাব দেয়।

হামাস বলেছে, যদি ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণভাবে সরে যায়, তাহলে তারা সব জিম্মিকে মুক্তি দিতে ও স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে জিম্মি মুক্তির বিনিময়ে। হামাস সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights