এবারও নির্বিঘ্ন ঈদযাত্রা উপহার দিতে পারব : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিগত যে কোনো বছরের তুলনায় ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রামের বাড়িতে যেতে পেরেছেন এবং ফিরে এসেছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, এবারও আমরা সম্মানিত নগরবাসীকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব।

আজ সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, বাস, লঞ্চ, রেলস্টেশনকেন্দ্রিক নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও গমনাগমন, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত ও ঈদ পরবর্তী নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্তে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। চালকরা যেন অতিরিক্ত গতিতে গাড়ি না চালায় এজন্য তাদের প্রয়োজনীয় ব্রিফিং দিতে হবে। ঈদ আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি সরকারের সব সংস্থাকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সমন্বয় করে দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights