ট্রেনের টিকিটের জন্য হাহাকার
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহায় বাড়িফেরাকে সামনে রেখে গতকাল ট্রেনের অগ্রিম টিকিটের জন্য ছিল হাহাকার। গতকাল ৫ জুনের যাত্রার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন থেকে সরকারি-বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হবে। তাই এই টিকিটের চাপ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, সকাল ৮টা থেকে বিক্রি শুরুর কথা থাকলেও গতকাল ভোর থেকেই বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও অ্যাপে চাপ শুরু হয়। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘণ্টায় হিট পড়েছে ২ লাখ ৯৭ হাজার। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নিলফামারীসহ বিভিন্ন জেলার যাত্রীদের বেশির ভাগই টিকিট সংগ্রহ করতে গিয়ে ওয়েবসাইটে ঢুকে বিফল হয়েছেন, আসন স্বল্পতার কারণে তারা টিকিট সংগ্রহ করতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই এসব ট্রেনের সব আসন শেষ হয়ে যায়। অনেকে অভিযোগ করেছেন, ওয়েবসাইটে ঢুকতে পারলেও সিট সিলেক্ট করা কিংবা পেমেন্ট সম্পন্ন করতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রেলওয়ে ফ্যান গ্রুপে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
