সেতাবগঞ্জ চিনি মিল চালুর দাবিতে দিনাজপুরে অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনি মিল পুনরায় চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে অবমুক্ত ও দ্রুত সংস্কার কাজ শুরুর দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৮ মে) চিনি মিলের গেটসংলগ্ন এলাকায় ‘সেতাবগঞ্জ চিনি মিল পুনঃচালনা আন্দোলন পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে।

আন্দোলনকারীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনি মিল চালুর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও এখনো তা অবমুক্ত হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আন্দোলন আরও তীব্র হবে।

আন্দোলনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মো. সোহাগ হোসেন, সদস্য লিমন খন্দকার, জামাল উদ্দিন, নুরে আলমসহ আন্দোলন পরিষদের অন্যান্য সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র এবং রাজনৈতিক নেতারা।

বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনি মিল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। ২০২০ সাল থেকে মিলটি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক ও আখচাষি বিপাকে পড়েছেন। স্থানীয় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে।

সরকারের বাজেট ঘোষণার (৩০ জুন) আগেই মিল চালুর আনুষ্ঠানিক ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তারা বলেন, “আমরা শুধু দাবি জানিয়েই থেমে থাকব না, প্রয়োজনে জীবন বাজি রেখে রাস্তায় নামব।”

অবস্থান কর্মসূচির প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ লক্ষ করা গেছে। আন্দোলন পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে আরও বৃহৎ জনসমাবেশ আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights