গুজরাটকে বিদায় করে কোয়ালিফায়ারে মুম্বাই

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৫ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল স্কোর। দারুণ খেলেছেন রোহিত শর্মা। কয়েকবার জীবন পেয়ে তিনি ৫০ বলে ৮১ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার আর ৪টি ছক্কা। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭ রান করেন, তিনি মারেন ৪টি চার ও ৩টি ছক্কা।

মাঝের দিকে সূর্যকুমার যাদব ৩৩, তিলক বার্মা ২৫ এবং হার্দিক পান্ডিয়া অপরাজিত ২২ রান করেন। নমন ধীর করেন ৯ রান। গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর ২টি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস শুরুতেই বিপদে পড়ে। অধিনায়ক শুভমন গিল ২ বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান। সাই সুদর্শন একা লড়াই চালিয়ে যান। তিনি ৪৯ বলে ৮০ রান করেন, যেখানে ছিল ১০টি চার আর ১টি ছক্কা। ওয়াশিংটন সুন্দর খেলেন ৪৮ রানের দারুণ ইনিংস। এছাড়া কুশল মেন্ডিস ২০, রাদারফোর্ড ২৪ ও শাহরুখ খান ১৩ রান করেন। রাহুল তেওয়াটিয়া অপরাজিত থাকেন ১৬ রানে।

শেষপর্যন্ত গুজরাট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানে থেমে যায়। ফলে ২০ রানে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কেটে নেয় মুম্বাই।

মুম্বাইয়ের হয়ে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ট। তিনি ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি উইকেট নেন। বুমরাহ ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন ১টি উইকেট। এছাড়া রিচার্ড গ্লিসন, মিচেল স্যান্টনার ও অশ্বিনী কুমার ১টি করে উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ও নমন ধীর কোনো উইকেট পাননি।

এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে তারা মুখোমুখি হবে পঞ্জাব কিংসের। আর গুজরাট টাইটানসের আইপিএল অভিযান এখানেই শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights