স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানটি চলমান রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ব্রাহ্মণবাড়িয়ায়া, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং তার পরিবারবর্গ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights