নিজেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা ইমরান খানের

ইমরান খান

পাকিস্তানের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। এবার নিজেকে তিনি দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণা করলেন। কারাগারে বন্দি অবস্থায়ই ইমরান খান এই ঘোষণা দিলেন।

পিটিআইয়ের আহুত দেশব্যাপী আন্দোলনের আগে তার এই ঘোষণা দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী জানান। তিনি বলেন, ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন, যদিও তিনি জেলে বন্দি রয়েছেন।

দলের আন্দোলনের সব দিকনির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইউব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না, তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে।

এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গোহর। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না, বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন।

তিনি দাবি করেন, পিটিআই সংলাপের পক্ষে এবং সেনা প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি। সূত্র: ডন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights