ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যের কী জবাব দিলেন ফরাসি কিংবদন্তি?

অনলাইন ডেস্ক

পর্তুগাল ও স্পেনের মধ্যকার নেশনস লিগের ফাইনাল ঘিরে উত্তেজনার মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন ফ্রাঙ্ক রিবেরি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যের জবাবে খোলাখুলি বিদ্রুপ করলেন সাবেক ফরাসি তারকা রিবেরি।

রবিবার (৮ জুন) রাত ১টায় উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল, যেখানে একদিকে থাকবেন ৪০ বছর বয়সী কিংবদন্তি রোনালদো, অন্যদিকে ১৭ বছর বয়সী নতুন প্রতিভা লামিন ইয়ামাল। এই ম্যাচ কেবল শিরোপা নির্ধারণই করবে না, বরং ফুটবল দুনিয়ায় এক প্রজন্মের অবসান ও নতুন প্রজন্মের উত্থানের প্রতীক হয়ে থাকবে।

প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে রোনালদোকে ইয়ামাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওর প্রতিভা অসাধারণ, তবে ওর ওপর খুব বেশি চাপ দেয়া উচিত নয়।

ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত দিতে গিয়ে রোনালদো বলেন, আমার মতে, ব্যালন ডি’অর জেতার জন্য চ্যাম্পিয়নস লিগ জেতা জরুরি। আমি নির্দিষ্ট কারো নাম বলব না, তবে ইয়ামাল ও এমবাপ্পে যারা জেতেনি এবং ডেম্বেলে বা ভিতিনহা যারা জিতেছে, সবাই দাবিদার।

এই মন্তব্যই বোধহয় মনে পড়িয়ে দেয় রিবেরির জীবনের সবচেয়ে হতাশার মুহূর্তগুলোর একটিকে। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং চ্যাম্পিয়নস লিগ জিতে ব্যালন ডি’অরের অন্যতম সেরা দাবিদার ছিলেন তিনি। কিন্তু পুরস্কারটি সেই বছর রোনালদোই পান, যিনি চ্যাম্পিয়নস লিগ জিতেননি।

রিবেরি তাই এবার আর চুপ থাকেননি। তিনি সরাসরি কটাক্ষ করে বলেন, তাহলে ব্যালন ডি’অর জিততে হলে চ্যাম্পিয়নস লিগ জিততেই হবে?

এই বক্তব্যের মাধ্যমে রিবেরি শুধু রোনালদোর বর্তমান মন্তব্যের সমালোচনাই করেননি, বরং সেই পুরোনো বিতর্কও নতুন করে উস্কে দিলেন যেখানে চ্যাম্পিয়নস লিগ জয় করেও তিনি নিজে ছিলেন উপেক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights