যুদ্ধবন্দি বিনিময়ে মানবিক পদক্ষেপ রাশিয়া ও ইউক্রেনের

অনলাইন ডেস্ক

তুরস্কের মধ্যস্থতায় অসুস্থ ও আহত যুদ্ধবন্দিদের বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দিদের একটি বিনিময় সম্পন্ন করেছে। কতজন বন্দি এই বিনিময়ে অংশ নিয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

এর আগের দিন, ২৫ বছরের নিচে বয়সীদের নিয়ে প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, আজ আমাদের গুরুতর আহত ও অসুস্থ সেনাদের রাশিয়ার বন্দিদশা থেকে ফেরানোর প্রথম ধাপ শুরু হলো। তাদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ।

তিনি জানান, এ ধরনের বিনিময় প্রক্রিয়া আরও চলবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সব বন্দিকে খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একটি সরকারি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের পতাকা কিংবা তাদের নিজ নিজ ইউনিটের পতাকায় মোড়ানো বন্দিরা বাস থেকে নামছে এবং অনেকেই ‘গৌরব ইউক্রেনের’ স্লোগান দিচ্ছেন।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সেনা গুরুতর আঘাত, সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং ট্রমার শিকার। নিরাপত্তার কারণে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মুক্তিপ্রাপ্তদের সঠিক সংখ্যা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights