সাবেক ছাত্রই বন্দুক হামলা চালায় অস্ট্রিয়ার স্কুলে

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাই স্কুলে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করা বন্দুকধারী ছিলেন সেই স্কুলেরই সাবেক ছাত্র। পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ২১ বছর। হামলার পর স্কুলের বাথরুমে নিজেই নিজের প্রাণ কেড়ে নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার গ্রাজের ড্রেইয়ার্সচুটজেনগাসে উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গুলির ঘটনাটি ঘটে। এই নির্মম হামলায় সাতজন শিক্ষার্থীসহ মোট ১০ জন নিহত হন। ছয়জন নারী, তিনজন পুরুষ এবং পরে হাসপাতালে আরও একজন নারীর মৃত্যু হয়। আহত হন আরও ১২ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পেছনের উদ্দেশ্য এখনো তদন্তাধীন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, হামলাকারী গ্রাজ শহরেরই বাসিন্দা ছিলেন। তিনি স্কুলের লেখাপড়া শেষ করেননি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। পুলিশ বলছে, হামলায় বন্দুকধারী দুটো আগ্রেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। দুটো অস্ত্রেরই বৈধ মালিকানা ছিল তার। ছিল আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। স্কুলে হামলার ঘটনার আগে এই যুবক পুলিশের কাছে পরিচিত ছিলেন না। হামলার পর শেষে নিজেকেও গুলি করেন হামলাকারী। স্কুলের বাথরুমে পুলিশ সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ পেয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার এক্স-এ এক পোস্টে হামলার ঘটনায় শোকপ্রকাশ করে লেখেন, “গ্রাজ়ের স্কুলের এই ঘটনা জাতীয় শোক। এই মর্মান্তিক ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।”

বিবিসি জানায়, স্কুলে হামলার এই ঘটনায় অস্ট্রিয়াজুড়ে তিনদিন শোক পালন করা হবে। বুধবার সকাল ১০ টায় দেশজুড়ে নিহতদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা।

এদিকে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ মোমবাতি প্রজ্বালন করে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতেই শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হন। তারা কেউ একা, কেউ বা বন্ধুদের কাঁধে হাত রেখে, নিঃশব্দে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন। কেউ কেউ চোখের পানি ফেলেন, কেউ আবার প্রার্থনায় মগ্ন থাকেন। সবার হাতে ছিল একটি করে জ্বলন্ত মোমবাতি — সেই মোমবাতিগুলো পরে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিয়ে রাখা হয় শহরের প্রতীক ‘আর্চবিশপ জোহান’ ফোয়ারার সিঁড়িতে।

এই ফোয়ারা, যেটি গ্রাজের পুরনো শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, মঙ্গলবার রাতের নীরবতা ও আলোয় হয়ে ওঠে গোটা জাতির শোক ও সংহতির প্রতিচ্ছবি। সূত্র: বিবিসি

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights