মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার সীমান্তে অপহৃত দুলাল (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপহরণের আট দিন পর মঙ্গলবার (১১ জুন) তাকে কক্সবাজারের আলীকদম সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে আনা হয়।

দুলাল বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়ার বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত এজাহার আলীর ছেলে।

রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গত ৩ জুন গরু কেনাবেচার প্রলোভন দেখিয়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক দুলালকে সীমান্তের পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা থেকে অপহরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, দুলাল মিয়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ১০ জুন স্থানীয় সোর্সের সহায়তায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে বিজিবি।

এরপর ১১ জুন (বুধবার) দুপুরে পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ দিয়ে প্রবেশ করে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার পয়েন্ট থেকে দুলালকে উদ্ধার করে। এ সময় কোনো ধরনের মুক্তিপণ দিতে হয়নি।

উদ্ধারকৃত দুলালকে বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights