পদ্মার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বর্ষা মৌসুম শুরুর আগেই গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী কয়েক গ্রামে।

ফলে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশ নেয় স্থানীয় গ্রামবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ, সদর উপজেলার পদ্মা নদী তীরবর্তী বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি, সরদার কান্দি, বানিয়াল, মহেশপুর, রাঢ়ী পাড়া, আশুলির চর, পূর্ব রাঢ়ী পাড়াসহ অন্তত ১০টি গ্রামে অসময়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙ্গন। এতে নতুন করে ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ফলে দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় কর্মসূচি থেকে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া ক্ষতিগ্রস্তরা আরও জানান, দীর্ঘদিন ধরে পদ্মা নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিবছর ভিটেমাটি হারাচ্ছে অনেক মানুষ। ফলে দ্রুত জোরালো ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

এছাড়া ভাঙ্গন প্রতিরোধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে কর্মসূচি থেকে। এর আগে বিগত তিন বছরে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অন্তত দেড় শতাধিক পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights