ইরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে অবস্থিত শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

নতুন করে চালানো এ হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হামলার পর ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে জানানো হয়, এই ঘাঁটিতে যুদ্ধবিমান রাখা হতো এবং হামলার ফলে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া, সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইসরায়েলের আগ্রাসনে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ, বিপ্লবী গার্ডস কোরের কমান্ডার এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক মারা গেছেন। এই হামলা রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রদেশে চালানো হয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এছাড়াও, ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও এই হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় নিহত পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ-মেহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি। প্রাথমিক প্রতিবেদনে আরও কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী আব্দুলহামিদ মিনোচেহর, আহমাদরেজা যোফাগারি, সাইয়েদ আমিরহোসেইন ফেকি এবং মোতালেবিজাদেহ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights