ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছিলাম : এটিএম আজহারুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দরকার। সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

শুক্রবার সকালে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে শুকরিয়া ও মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে যেন আগের মত পরিবেশ সৃষ্টি না হয়। মানুষের মত প্রতিষ্ঠার জন্য দেশে একটি বড় বিপ্লব হয়েছে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে সংস্কার প্রয়োজন। যেটিতে সব দলই রাজি হয়েছে।

এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights