নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ জনই পেল জিপিএ-৫
অনলাইন ডেস্ক
এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও চমক দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ অর্জন করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় অনলাইনে এসএসসির ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ধারাবাহিক এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদির মোল্লা এবং প্রতিষ্ঠাতা মিসেস নাছিমা মোল্লা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৫ সালে ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের সবাই এবং ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল।
এ ছাড়া ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে। ২০১৭, ২০২২ ও ২০২৫ সালে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।
