রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭ শতাংশ, কমেছে জিপিএ ৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ ৫ দুটিই কমেছে। বোর্ডের সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৬৩.৬৭ শতাংশে। একইসঙ্গে জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

এর আগে, ২০২৫ সালে পাসের হার ছিল ৭৭.৬৩ শতাংশ। সে বছর জিপিএ ৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ ভাগেরও বেশি, আর জিপিএ ৫ কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।

এদিকে পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এবারও মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি। ২০২৬ সালে মেয়েদের পাসের হার ৭০.৭৩ শতাংশ, বিপরীতে ছেলেদের পাসের হার ৫৭.৩৩ শতাংশ।

২০২৫ সালে মেয়েদের পাসের হার ছিল ৮২.০১ শতাংশ, ছেলেদের ৭৩.৬৪ শতাংশ।

এছাড়াও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। ২০২৬ সালে রাজশাহী বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। ২০২৫ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ছিল ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাতেও ২০২৬ সালে বড় ধরনের পতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights