৫০ লাখেরও বেশি ভিউ অর্জন করল ‘প্রিয় প্রজাপতি’

শোবিজ প্রতিবেদক

গতকাল পর্যন্ত ৫০ লাখেরও বেশি ভিউ অর্জন এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে ১০ নম্বর অবস্থানে রয়েছে ঈদের নাটক ‘প্রিয় প্রজাপতি’। বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় ঈদের বিশেষ নাটক হিসেবে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়েছে চ্যানেলটির প্রথম নাটক এ ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন। প্রথম নাটকেই দর্শকপ্রিয়তা পেয়েছে ক্যাপিটাল ড্রামা। জিরো সাবস্ক্রাইবারের এ চ্যানেলে ‘প্রিয় প্রজাপতি’ নাটকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে।

মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় ৪ হাজার ইতিবাচক মন্তব্য, সেই সঙ্গে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ৩৭ হাজারেরও বেশি দর্শক। নাটকটির নির্মাতা বলেন, একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল। একেবারে শূন্য থেকে শুরু। এমন একটা চ্যানেল থেকে রিলিজ পেয়েও দ্রুতই মিলিয়ন ভিউজ পেয়ে গেল ‘প্রিয় প্রজাপতি‘। দর্শকদের উদ্দেশে তিনি বলেন- প্রিয় দর্শক, আমার প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা আর আস্থা রয়েছে তা আবারও প্রমাণ হয়ে গেল। সত্যি বলতে, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সেই শক্তিতেই এগিয়ে চলি। একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মীর মধ্যকার খুনসুটি আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। ‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights