করতোয়া নদীতে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবলা এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে নেমে সিমি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিমি শেরপুর উপজেলার মির্জাপুর কৃষ্টপুর গ্রামের রুবেলের মেয়ে। সে নানাবাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ করতোয়া নদীতে অনেক মাছ ভেসে ওঠে। এতে এলাকার মানুষ নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন। সিমিও সবার সঙ্গে আনন্দে নদীতে নামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পানিতে ডুবে যায়। নদীতে স্রোত না থাকলেও পানির গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় শিশুটি ডুবে যায়।

দ্রুত উদ্ধার প্রচেষ্টা শুরু হলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে, ডুবুরি দল এবং স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর শিশুটির পরিবারে নেমে আসে শোকের মাতম। তার মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights