ধোঁয়ায় ঢাকা তেল আবিব, ইসরায়েলে আরও ৫ নিহত

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আরও পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, তেল আবিবের পূর্বাঞ্চল পেতাহ টিকভা শহরে চারজন এবং বনে ব্রাক শহরে একজন নিহত হন। হামলার পর ইসরায়েলের বিভিন্ন উপকূলবর্তী ও কেন্দ্রীয় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে আবাসিক ভবন ও যানবাহন।

হামলার পরপরই এমডিএ চারটি স্থানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

অন্যদিকে, ইরানের সরকারি গণমাধ্যম দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন। এই অব্যাহত সহিংসতা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

তেল আবিবের রাস্তাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ভোররাতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক। উদ্ধারকারী দল ও সেনাবাহিনী এখনো ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে।

সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানিয়েছেন, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তেল আবিব। শহরের রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।

স্থানীয় এক নারী সিএনএন-কে বলেন, ‘আমি বেজমেন্টে লুকিয়ে ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনেই বুঝেছিলাম কী ঘটছে। বাইরে এসে দেখি চারপাশ ধ্বংসস্তূপ, ধোঁয়ায় ভরা বাতাস। আমরা মুখ ঢেকে রাস্তা পার হচ্ছিলাম যেন ধোঁয়া কম টেনে নেই।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের বেশ কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে সেনা ও উদ্ধারকারী দল কাজ করছে। আতঙ্কিত বাসিন্দারা স্বজনদের খুঁজছেন ও কান্নায় ভেঙে পড়ছেন।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights