‘নিঃশর্ত আত্মসমর্পণ’, ট্রাম্পের নতুন পোস্ট

অনলাইন ডেস্ক

আবারও নতুন পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি লিখেছেন ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’।

মঙ্গলবার অল্প সময়ের মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এটি ছিল ট্রাম্পের তৃতীয় পোস্ট।

ধারণা করা হচ্ছে, ইরানকে সম্পূর্ণভাবে পিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্পের করা আগের মন্তব্যগুলোর প্রতিধ্বনি এটি।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে পরপর দুটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। একটি পোস্টে তিনি লিখেছেন, “আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছি।”

তবে ওই পোস্টে ‘আমরা’ বলতে প্রকৃতপক্ষে কাকে বোঝানো হয়েছে- তা স্পষ্ট করেননি ট্রাম্প।

তিনি লিখেছেন, “ইরানের ভালো মানের স্কাই ট্র্যাকার ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং তা ছিল প্রচুর পরিমাণে। কিন্তু আমেরিকার তৈরি, পরিকল্পিত ও প্রস্তুতকৃত সরঞ্জামের সঙ্গে সেগুলোর তুলনাই চলে না। যুক্তরাষ্ট্রের চেয়ে এটা কেউই ভালোভাবে করতে পারে না।”

আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই (হত্যা) নয়।”

ওই পোস্টে তিনি আরও লিখেছেন, “তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাকে ‘অপসারণ’ (হত্যা!) করব না। অন্তত এখনই না।”

তিনি আরও বলেন, “কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।”

এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।” সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights