ফেনীতে ফের বন্যা, আতঙ্কে মানুষ

অনলাইন ডেস্ক

ফেনীতে গত তিনদিন টানা বৃষ্টির পানি এবং ভারতীয় উজানের পানির কারণে সিলোনিয়া, কুহুয়া ও মুহুরী নদীর পানি বেড়ে চলছে। ইতিমধ্যে মুহুরী নদীর পানি বিপদ সীমার ১২.৫৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি বন্ধ না হলে অন্যান্য নদীগুলোর পানি আরো বাড়তে পারে বলে পাউবো সূত্রে জানা গেছে।

জানা যায়, গেল বন্যার ৮ মাস না পেরোতেই আবার ফেনীর পরশুরাম, ফুলগাজী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পরশুরাম ফুলগাজীর সিলোনিয়া, কহুয়া ও মুহুরী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে পরশুরামের সুবার বাজার থেকে দক্ষিণে সুইচ গেটে সঙ্গে মুনাফ ও দুলালের বাড়ির পাশে সিলোনিয়া নদীর পশ্চিমপাশের অংশে পাড় ভেঙে দক্ষিণ মনিপুর গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ফুলগাজীর উত্তর বরইয়া বনিক পাড়া সংলগ্ন এলাকায় মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। এভাবে টানা বৃষ্টি হলে রাতের মধ্যে পানির প্রবাহ বাড়লে কয়েকটি গ্রামে বন্যার পানি বাড়ি-ঘরে ওঠার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আহ শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধের মেরামতের কাজ সম্পন্ন হওয়ার আগেই কয়েকটি স্থানে ফাটল ধরেছে। ইতিমধ্যে গত বন্যার পর আট মাস পার হয়ে গেলেও মেরামতের কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। প্লাবন ও বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে নদীগুলো তীরবর্তী বসবাসকারী ৩০/৪০ হাজার মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights