ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা মোকাবেলায় তিন মাসব্যাপী অভিযান চালাবে চসিক: মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আগামী তিন মাসব্যাপী ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে এ তিনটি ভাইরাসজনিত রোগের প্রকোপ না কমা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ শনিবার (২৭ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চত্বরে এক গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র।

মেয়র বলেন, “বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একসাথে তিনটি ভাইরাল রোগ—ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড মোকাবিলা করা। এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুমি হলেও যথাযথ প্রস্তুতি এবং জনগণের সচেতনতা ছাড়া পরিস্থিতি মারাত্মক হতে পারে।”

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে এবং পরিচ্ছন্নতা কর্মীদের তদারকি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনগণকে ঘর ও আশপাশ পরিষ্কার রাখতে আহ্বান জানান মেয়র। “আমাদের লক্ষ্য আগামী তিন মাস জনগণকে সম্পৃক্ত করে এই তিন রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া,” বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালি ও ডা. সারোয়ার আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights