ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আজ সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ সেরা হয়েছে। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

১৯৮০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights