শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে চরবাটা ইউনিয়নের খাসেরহাট বাজারে এ সালিশ পরিচালনা করা হয়। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে।

ভুক্তভোগী শিশু স্থানীয় খুরশিদিয়া নুরানী ইসলামিয়া মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। তার বাবা প্রবাসে থাকেন। অভিযুক্ত হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত হেলাল উদ্দিন তার নাতনিকে স্থানীয় খুরশিদিয়া নুরানী ইসলামিয়া মাদরাসা থেকে আনতে গিয়ে ভুক্তভোগী শিশুকে একা পেয়ে ২০ টাকা প্রদান করেন। তারপর ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দিয়ে বাড়ি চলে আসে এবং তার মাকে বিষয়টি জানান। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সালিশ বৈঠক বসিয়ে ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ঘটনাটি ‘ধামাচাপা’ দেন।

এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, আমার ওপর জুলুম করা হয়েছে। একটা মিথ্যা ঘটনাকে আমার ওপর চাপিয়ে দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি মানসিকভাবে অসুস্থ তাই চিকিৎসার জন্য নোয়াখালীর বাইরে এসেছি।
হেলাল উদ্দিনের স্ত্রী জোবায়দা বেগম বলেন, আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে। তাকে পরিকল্পিতভাবে এমন ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights