জাকের-রিশাদের দলে ডাক পাওয়ার বিষয়ে যা জানালেন নান্নু

অনলাইন ডেস্ক

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি ঘোষিত ১৪ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলী অনিক। এছাড়া দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

তৃতীয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। নতুন করে বাদ দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। একইসঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও দল থেকে পড়েছেন।

তাদের বাদ পড়ায় সিরিজে নতুন করে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। তার সঙ্গে সুযোগ মিলেছে লেগ স্পিনার রিশাদ হাসানের।
তবে ঠিক কোন বিবেচনায় জাকের এবং রিশাদকে জাতীয় দলে নেওয়া হয়েছে, সে বিষয়টি খোলাসা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাকের আলিকে আমরা ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলের হয়ে ভালো করায় দলে নিয়েছি। শরিফুল ইসলাম ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আবার সে সিস্টেমের মধ্যে এসেছে, সেজন্য তাকে আমরা দলে ফিরিয়েছি।’

রিশাদকে দলে নেওয়ার বিষয়ে নান্নু বলেন, ‘লেগ স্পিনার রিশাদ হোসেনকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা, আমাদের দেখার সুযোগ আছে। টিম ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিলো। রিশাদ আমাদের এইচপি দলের সঙ্গে অনেকদিন কাজ করছে। যারা নতুন আসছে, আশা করছি এটা তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে।’

তবে যেসব ক্রিকেটার বাদ পড়েছেন তারা বিসিবির নজর এড়াবে না দাবি নান্নুর, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights